সৃষ্টি কেবল পাথর, গাছ, প্রাণী কিংবা নক্ষত্রের বিস্তার নয়। সৃষ্টি এক আত্মিক নকশা—যেখানে প্রতিটি সত্তা শুধু বস্তু নয়, বরং এক আধ্যাত্মিক অনুসন্ধান। আর এই অনুসন্ধানের মূলেই আছে আত্মা, যে জন্ম নিয়েছে সরাসরি স্রষ্টার হুকুম থেকে।
সূত্র:
” আমি যখন তাকে সঠিকভাবে বানিয়ে ফেলব আর তার ভিতরে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যাবে। Ñসূরা সাদ, আয়াত ৭২
এই আয়াতে বোঝা যায়, মানব আত্মা কোনো বাহ্যিক বস্তু নয়, বরং এটি স্রষ্টার সরাসরি নিঃশ্বাসÑ এক পবিত্র রশ্মি যা তাঁর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের মাঝে এসেছিল।
কিন্তু আত্মাÑ যে আদি আলোর সন্তান, যার উৎস স্রষ্টা স্বয়ংÑ সে কি কখনো নতুন পৃথিবীর ধূলায় নিজেকে খুঁজে পায়?
Ñ না।
আত্মা জানে, তার প্রকৃত গৃহ কোথায়। যখন সে শরীরে বন্দি হয়, তখন তার ভেতর জন্ম নেয় এক অজানা আকুলতাÑ যার নাম আমরা দেই “অস্থিরতা”, “অপরিপূর্ণতা”, কিংবা “বেদনা”। কিন্তু আসলে সেটি আত্মার কান্নাÑ স্রষ্টার থেকে আলাদা হওয়ার যন্ত্রণা।
সৃষ্টির গভীরে আত্মা চুপচাপ কাঁদে। এই কান্না বাহ্যিক চোখে ধরা পড়ে না, কিন্তু কবির কলমে, সাধকের নিঃশ্বাসে, শিশুর চোখে বা প্রেমিকের বিস্ময়ে সেই কান্নার প্রতিধ্বনি শোনা যায়।
আত্মা বারবার ফিরে যেতে চায়Ñ সেই উৎসে, সেই প্রশান্তির কেন্দ্রে, যেখান থেকে সে এসেছে। আর প্রেম হলো সেই সেতুÑ যার মাধ্যমে আত্মা তার প্রভুর দিকে ফিরে যেতে চায়। এই প্রেম কখনো মানুষের প্রতি, কখনো প্রকৃতির প্রতি, কখনো কোনো অদেখা সত্তার প্রতি আকর্ষণ রূপে প্রকাশ পায়। কিন্তু মূল আকর্ষণ একটাইÑ ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা।
আধ্যাত্মিক সাধকরা বলেন,“তুমি যতবার সত্য প্রেম অনুভব করো, তুমি একবার করে স্রষ্টার দিকে ফিরে যাও।”কারণ, প্রেম হলো একমাত্র ভাষা যা আত্মা ও প্রভুর মাঝে অনুবাদ ছাড়াই কথা বলে।
তাই যারা প্রেমে পড়ে, গভীরভাবে পড়েÑ তারা শুধু একে-অপরকে ভালোবাসে না, বরং তারা এক অদৃশ্য স্বদেশের টানে কাঁদে। সেই কান্না নীরব, গভীর, বিস্ময়করÑ কারণ সেটি আত্মার কান্না।
এই আত্মা যখন প্রেমে পড়ে, তার কান্না তখন আর কষ্টের নয়, তখন তা হয়ে ওঠে প্রার্থনা। তখন সৃষ্টির ভেতর সে খুঁজে পায় অদেখা স্রষ্টার উপস্থিতিÑএকেকটি ফুলে, নদীর বয়ে চলায়, কারো চোখের ভেতরে, অথবা নিজেকেই ভালোবেসে।
সৃষ্টির অন্তস্তলে যে কান্না বাজেÑ তা কখনো শেষ হয় না। কারণ সেই কান্না প্রেমের ধ্বনি, যেটি সৃষ্টির আদিলগ্ন থেকেই চলছে, এবং শেষ পর্যন্ত আমাদের ফিরিয়ে নিয়ে যাবে সেই অনন্ত প্রেমিকের কাছেইÑ যিনি আমাদের সৃষ্টি করেছিলেন ভালোবেসে, নিজেরই নিঃশ্বাস দিয়ে।






মন্তব্য ও আলোচনা