সৃষ্টির পূর্বে প্রেমের নিঃশব্দতা

👁️ 5 ভিউ↗ 0 শেয়ার💬 0 মন্তব্য
বুকমার্ক রাখতে লগইন করুন

সমস্ত সৃষ্টি রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক নীরব, অলৌকিক প্রেমÑ যা সৃষ্টি ও স্রষ্টার প্রথম মিলনে পবিত্রতম রূপে প্রকাশিত হয়েছিল। এই প্রেম কোনো পার্থিব আকর্ষণ নয়, এটি এক ধ্যানমগ্ন আকুলতা, এক আধ্যাত্মিক আলিঙ্গন, যেখানে আল্লাহর ইচ্ছা, ভালোবাসা ও সৌন্দর্য রূপ নেয় সৃষ্টিতে। কোরআন ও হাদীসের আলোকে, সেই প্রেমিক সত্তা হলেন আল্লাহ, আর সৃষ্টি হলো তার প্রকাশ, তার নিঃশ্বাস, তার প্রেমেরই অভিব্যক্তি। যেখানে স্রষ্টা নিজেই নিজের প্রেমে বিভোর হয়ে সৃষ্টি করলেন সৃষ্টি, আর সৃষ্টি নিজের অস্তিত্বের মাঝে বহন করে চলে সেই প্রেমেরই ইশারা।
হাদীসে কুদসীতে আল্লাহ তাআলা বলেন:
“كنت كنزاً مخفياً فأحببت أن أُعرف فخلقت الخلق”
অর্থ: “আমি ছিলাম একটি গুপ্ত ধন, আমি চেয়েছিলাম যেন আমাকে চেনা হয়, তাই আমি সৃষ্টি করলাম সৃষ্টি।”
এই একটি বাক্যেই প্রেমের সর্বোচ্চ আধ্যাত্মিক সংজ্ঞা নিহিত। আল্লাহ ‘একটি গুপ্ত ধন’— এমন এক অস্তিত্ব যা আলোয় প্রকাশিত হয়নি, কিন্তু নিজের অপরূপ সৌন্দর্য, রহস্য এবং মহিমার প্রতি তিনি নিজেই মোহিত ছিলেন। কিন্তু এই প্রেম ছিল নিঃশব্দ, একাকী। সে প্রেম পেতে চায় প্রতিফলন— একটি আয়না, যেখানে নিজেকে প্রকাশ করা যায়। এই ধনের প্রকাশ তখনই সম্ভব হয় যখন সেই গুণাবলির উপলব্ধি করার মতো এক ” প্রেমমুখী আয়না” তৈরি হয়—এবং সেই আয়না হলো হযরত মুহাম্মদ (সা.)-এর নূর।
তাফসীরে কাশানী বলেন: “নূরে মোহাম্মদী আল্লাহর সত্তার প্রেমময় প্রতিচ্ছবি। এটি সৃষ্টি নয়, সৃষ্টির উৎস।”
এই কথাগুলো বোঝায় যে সৃষ্টি এক ঈশ্বরীয় আত্মপ্রকাশ, এবং তা এসেছে প্রেমের তাড়নায়, আত্মপ্রকাশের আকুলতায়। আল্লাহ নিজের প্রেমেই সৃষ্টি করলেন সৃষ্টি। প্রেম যেন তাঁর অস্তিত্বের স্বভাব। তাই তো সূরা হুদে তিনি বলেন:
“وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ”
(সূরা হুদ: ৭)
“তিনি তিনিই, যিনি সৃষ্টি করলেন আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে, এবং তাঁর আরশ ছিল জলের উপর।”
এই ‘জল’ কী? ইমাম ইবনে আব্বাস (রা) ও অন্যান্য তাফসীরকারগণ বলেন, এই জল ছিল প্রেম ও দয়ার প্রতীক। জল থেকেই তো প্রাণের সৃষ্টি, প্রেমের ভাষাও তো তরল, প্রবাহমান, কোমল। অর্থাৎ, সৃষ্টি সূচিত হয়েছিল দয়া ও প্রেম থেকে।
ইমাম বায়হাকী বর্ণিত হাদীস অনুযায়ী:
“أَوَّلُ مَا خَلَقَ اللَّهُ نُورِي”
অর্থ: “আল্লাহ যে প্রথম জিনিসটি সৃষ্টি করেছেন তা হলো আমার নূর।” — (দলিল: বায়হাকী, দালায়িলুন্নুবুওয়াহ)
এ হাদীস স্পষ্ট করে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরই সৃষ্টির সূচনালগ্নে ছিল। তিনি হলেন সেই প্রথম প্রেমিক রূপ, যাঁকে কেন্দ্র করে আল্লাহ সৃষ্টি করেন আসমান-জমিন, ফেরেশতা, সময় ও পদার্থ।
তাফসীরকাররা বলেন, এই নূর ছিল এক প্রেমিক প্রতিচ্ছবি। আল্লাহ তাঁর এই নূরের প্রেমে ছিলেন এতটাই মোহিত যে তিনি সমস্ত কিছু সৃষ্টি করলেন যাতে এই নূর প্রকাশ পায়। আর সেই নূরের মাধ্যমে আল্লাহ চেয়েছিলেন নিজেকে চেনাতে। এটি প্রেমের গভীরতম রূপ—যেখানে প্রেমিক নিজেই প্রেমের প্রতিরূপ সৃষ্টি করেন।
আদম (আ.) ও হাওয়া (আ.)-কে সৃষ্টি করা হলো প্রেমের দুনিয়ায় প্রথম প্রতিচ্ছবি হিসেবে। আকাশে, জান্নাতে, যেখানে কেবল ঈশ্বর আর ফেরেশতা ছিল, সেখানে সৃষ্টি হলো এমন এক সত্তা যাকে প্রেম করতে দেওয়া হলো—নিজের সঙ্গীর সাথে, আর সেই প্রেমের মাধ্যমেই সে চিনল ঈশ্বরকে।
আদমের পতন এবং পৃথিবীতে আগমন কোনো শাস্তি ছিল না, বরং এক নতুন মঞ্চ—যেখানে প্রেমকে পরীক্ষা করা হবে, প্রেমিক কত দূর যেতে পারে, নিজের প্রিয়তম স্রষ্টার জন্য। এটাই ছিল আত্মার অভিযাত্রা। পৃথিবী হলো প্রেমের কর্মক্ষেত্র— যেখানে প্রতিটি কান্না, প্রতিটি দুঃখ আসলে ফিরে যাওয়ার আকুতি।
আল্লাহ পৃথিবীতে নবীদের পাঠাননি শুধুমাত্র নিয়ম-নীতির বার্তা নিয়ে, বরং তাঁরা ছিলেন প্রেমের দূত।
ক্স নূহ (আ.) কেঁদেছিলেন সৃষ্টির জন্য।
ক্স ইব্রাহিম (আ.) নিজের সন্তান কুরবানি দিয়ে প্রেমের পরীক্ষা দিয়েছেন।
ক্স মূসা (আ.) ঈশ্বরকে দেখতে চেয়েছিলেন, যেন প্রেমিক প্রেমিকাকে দর্শন করতে চায়।
ক্স ঈসা (আ.) প্রেমের ক্ষমা ও করুণা বোঝাতে নিজেকে উৎসর্গ করেছিলেন।
আর শেষে এলেন হযরত মুহাম্মদ (সা.)—যাঁর মধ্যে সব প্রেমিক সত্তার পূর্ণতা মিলেছে। তিনি শুধু বিধানদাতা নন, তিনি ছিলেন এক কাঁদতে জানা, ভালোবাসতে জানা প্রেমিক—যিনি উম্মতের জন্য কেঁদেছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন, মিরাজে ঈশ্বরের নৈকট্য পেয়েও ফিরে এসেছেন আমাদের জন্য।
সৃষ্টির সূচনালগ্নে যেমন প্রেম ছিল, তেমনি তার শেষেও প্রেমই থাকবে। কিয়ামতের দিন সৃষ্টি ফিরে যাবে স্রষ্টার দিকে—আবার সেই প্রাথমিক নিঃশব্দ আলিঙ্গনে। আল্লাহ বলেন:
“إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ”
আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যাচ্ছি। — (সূরা বাকারা: ১৫৬)
এ এক চক্র: প্রেমে সৃষ্ট, প্রেমে লালিত, প্রেমে ফিরে যাওয়া। জীবনের প্রতিটি ব্যথা, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি হারানো—আসলে এক প্রেমিকের ডাকে সাড়া দেওয়া। আল্লাহ আমাদের ডাকছেন, আর আমাদের হৃদয় চুপচাপ কাঁদছে, যেন বলছে: “তোমারই জন্য, হে প্রভু।”
এই আত্মসমর্পণই ঈমান। এই প্রেমই ইবাদত। আর এই নিঃস্বতা—এই ফানা—এই অন্তর্গত আরাধনা, এটাই সৃষ্টির চূড়ান্ত রহস্য।
“তুমি তাঁকে ভালোবাসো, কারণ তিনিই ভালোবেসে সৃষ্টি করেছেন তোমাকে।”

 

 

পাঠকের মতামত

মন্তব্য ও আলোচনা

0 মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। আপনার মতামত দিয়ে আলোচনার শুরু করুন।

সাহিত্য খুঁজুন

লেখার শিরোনাম, লেখক বা পছন্দের বিষয় দিয়ে খুঁজুন।

লেখক ও পাঠকের প্রোফাইল খুঁজুন →