তিতাসের কুলঘেষে-
স্মৃতির ধুলো হয়ে জমে আছে
এক বিস্মৃত উপাখ্যান
যার গল্প কোনো চন্দ্রালোকিত রাতে লেখা হয়নি,
যার নাম কোনো পুরাতন কবিতার ছন্দে ধরা পড়েনি।
সে এক অসমাপ্ত গানের মতো,
সুরের অতলে হারিয়ে যাওয়া ব্যথার প্রতিধ্বনি,
যার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই,
কোনো ভাষা নেই, আছে শুধু অনুভূতির শিহরণ।
সে অদেখা স্বপ্নের মতো এসেছিল
অথচ ছুঁয়ে গেছে অন্তরের সব কয়টা অলিগলি,
রেখে গেছে অজানা এক অভিমান।
তার অস্তিত্বের কোনো দলিল নেই আমার কাছে,
নেই কোনো পুরাতন ডায়েরির বিবর্ণ পাতায়,
নেই কোনো নিভে যাওয়া প্রদীপের মৃদু শিখায়,
তবু সে ছড়িয়ে আছে শূন্যতার অতল গহ্বরে।
সে এসেছিল এক বৃষ্টি-বিহীন শ্রাবণের দিনে
নিরালম্ব আকাশের অশ্রুবিন্দুর মতো,
যে নিজেই জানে না তার শেষ কোথায়?






মন্তব্য ও আলোচনা