দেয়ালজুড়ে ছায়ার হরিণ তীরের ক্ষত বয়,
আমার ঘরে আমার চেয়েও অনুপস্থিতি রয়।
কত জনের চলে যাওয়ায় এই যে আমি গড়া,
বুকের নিচে স্তরে স্তরে কত নগর পোড়া।
ভেবেছিলাম, সময় বুঝি ক্ষতের ওপর পলি,
দেখি সময় খুঁড়ে তোলে চাপা পড়া গলি।
সেই গলিতে একটি দুয়ার আজও থাকে খোলা,
ভেতর থেকে ডাকে আমায় ওরে ভুবন ভুলা
যে বলেছিল, “পাশে আছি”, কণ্ঠ হলো লবণ,
তারই নামে তৃষ্ণা জাগে, শুকিয়ে ওঠে মন।
জল খেতে যাই, গ্লাসের তলে ডোবে যায় প্রভাত
একটি নৌকা ফিরে আসে, ফেরে না সেই রাত।
উনুন নেভে। ভাতের থালা শীতল হয়ে থাকে।
ক্ষুধার কাছে কার বিরহের কথা বলা লাগে?
সকাল হলে নিজের দেহ নিজেই টেনে তুলি,
রাত্রি হলে বুকের মধ্যে সমাধি গড়ে তুলি।
পাথর ঘষে আদিম মানুষ আগুন এনেছিল,
আমি ঘষি স্মৃতির পাথর, আঙুল পুড়ে নীল।
একটুখানি উষ্ণতারই এত বড় দাম,
আগুন বাঁচাই, ছাইয়ের নিচে পুড়ে নিজের নাম।
মন্তব্য করতে লগইন করুন।
এখনো কোনো মন্তব্য নেই। আলোচনার শুরুটা আপনিই করুন।


