কবিতা
⏱️ ২ মিনিট পাঠ
আমি খুব করে চাইতাম আপনাকে
হরফ আকার:
|
আমি খুব করে চাইতাম আপনাকে
যেভাবে ঘরহীন মানুষ ঘরে চায়,
নিরন্ন মানুষ অন্ন চায়।
গলা চেপে ধরলে বাঁচার জন্য মানুষ যেভাবে ছটফট করে—
আমিও রাত বিরাতে আপনার জন্য ঠিক সেভাবেই ছটফট করতাম।
ভালোবাসি বলে কত রাত কেঁদে ভিজিয়েছি বিছানা,
কত হাহাকার ছুটে গেছে ককেশাস পর্বত পেরিয়ে উর্ধাকাশে।
দিনের পর দিন আপনার প্রতারণার আগ্নেয়গিরি জ্বালিয়ে রেখেছি বুকে,
নিজের ভেতরেই পুড়েছি নীরব অগ্নিদাহে।
এখন আর আপনার প্রেমের কাছে আমি নতজানু নই।
মানুষের মতো আমিও জানি—
আপনি নতজানু হয়েছেন কার পায়ের কাছে।
সকাল, দুপুর, সন্ধ্যা—
আপনাদের মিলনমোহনায় এখন ঢেউ ওঠে,
ভাঙে, গড়ে, আবার ভাঙে।
মানুষের ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা সেই মুখোশধারী জীবন
ধীরে ধীরে ছিঁড়ে টুকরো টুকরো করে খাচ্ছে আপনার অন্তরাত্মা।