প্রবন্ধ ⏱️ ৯ মিনিট পাঠ

বাংলাদেশে সাংবাদিকতার ইতিহাস, প্রেক্ষাপট ও ডিজিটাল রূপান্তর

✍️ admin
📅 19 August, 2026
হরফ আকার: |

সাংবাদিকতা কোনো নির্দিষ্ট পেশা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব, একটি ঐতিহাসিক প্রক্রিয়া এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হওয়া একটি শক্তিশালী মাধ্যম। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস মূলত এই ভূখণ্ডের রাজনৈতিক সংগ্রাম, সামাজিক পরিবর্তন ও মানুষের মতপ্রকাশের অধিকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মুদ্রিত পত্রিকা থেকে শুরু করে রেডিও, টেলিভিশন এবং সর্বশেষ ডিজিটাল ও অনলাইন সাংবাদিকতা পর্যন্ত এই যাত্রা কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং চিন্তা ও চেতনার রূপান্তরের ইতিহাস।

বাংলায় সাংবাদিকতার সূচনা ব্রিটিশ শাসনামলের সঙ্গে যুক্ত। ১৭৮০ সালে জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় প্রকাশিত “ঐরপশু’ং ইবহমধষ এধুবঃঃব” উপমহাদেশের প্রথম মুদ্রিত সংবাদপত্র হিসেবে স্বীকৃত। যদিও এটি ইংরেজিতে প্রকাশিত হয়েছিল, তবুও এটি ভারতীয় উপমহাদেশে সংবাদপত্রের ধারণা প্রতিষ্ঠা করে।

বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হিসেবে সাধারণভাবে “সমাচার দর্পণ” (১৮১৮) এবং পরে “সংবাদ প্রভাকর” (১৮৩১) বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পত্রিকাগুলো সমাজ সংস্কার, শিক্ষার প্রসার, নৈতিকতা ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তখনকার সাংবাদিকতা ছিল মূলত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির কণ্ঠস্বর, যা ধীরে ধীরে সাধারণ মানুষের অধিকার ও মতপ্রকাশের মাধ্যম হয়ে ওঠে।

১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়। এই সময় সাংবাদিকতা একদিকে যেমন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও সেন্সরশিপের মুখোমুখি হয়, অন্যদিকে তেমনি বাঙালির ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৯৪৭ সালে প্রকাশিত দৈনিক আজাদ, ইত্তেফাক, সংবাদ এবং পাকিস্তান অবজারভার (বর্তমান ডেইলি অবজারভার) এই সময়ের উল্লেখযোগ্য পত্রিকা। বিশেষ করে দৈনিক ইত্তেফাক সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার নেতৃত্বে সাধারণ মানুষের অধিকার, ভাষা আন্দোলন এবং স্বায়ত্তশাসনের দাবিকে দৃঢ়ভাবে তুলে ধরে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে সাংবাদিকতার ভূমিকা ছিল ঐতিহাসিক। রাষ্ট্রীয় চাপ ও সেন্সর থাকা সত্ত্বেও অনেক পত্রিকা ভাষা আন্দোলনের খবর ও বিশ্লেষণ প্রকাশ করে জনমত গঠনে সহায়তা করে। এই সময় সাংবাদিকতা হয়ে ওঠে প্রতিবাদের ভাষা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তখনকার সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশন নয়, বরং মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন, গণহত্যার তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়ানোর কাজে ব্যবহৃত হয়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ছিল মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর। দেশি ও বিদেশি সাংবাদিকদের রিপোর্ট, প্রচারিত খবর ও সাক্ষাৎকার মুক্তিযুদ্ধের বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে।

স্বাধীনতার পর বাংলাদেশে মুদ্রিত সাংবাদিকতার দ্রুত বিস্তার ঘটে। নতুন সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃতি পাওয়ায় সংবাদপত্র আরও সক্রিয় হয়। দৈনিক পত্রিকার পাশাপাশি সাপ্তাহিক ও মাসিক সাময়িকী প্রকাশ পেতে থাকে।

১৯৮০ ও ১৯৯০-এর দশকে দৈনিক প্রথম আলো, দৈনিক জনকণ্ঠ, ইনকিলাব, সংবাদ, ইত্তেফাক প্রভৃতি পত্রিকা সাংবাদিকতার মান, অনুসন্ধানী প্রতিবেদন ও জনস্বার্থমূলক রিপোর্টিংয়ে নতুন মাত্রা যোগ করে। এই সময় অনুসন্ধানী সাংবাদিকতা, মানবাধিকার রিপোর্টিং এবং দুর্নীতি বিরোধী সংবাদ গুরুত্ব পায়।

রেডিও বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গ্রামবাংলায় যেখানে সংবাদপত্র পৌঁছানো কঠিন ছিল, সেখানে রেডিও হয়ে ওঠে প্রধান তথ্যের উৎস।

১৯৩৯ সালে ঢাকায় রেডিও সম্প্রচার শুরু হলেও, স্বাধীনতার পর বাংলাদেশ বেতার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম হিসেবে সংবাদ, আলোচনা ও শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে। দুর্যোগকালীন সময়ে রেডিওর ভূমিকা ছিল অপরিসীম। বন্যা, ঘূর্ণিঝড় বা জাতীয় সংকটে রেডিও দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করেছে।

১৯৬৪ সালে টেলিভিশন সম্প্রচার শুরু হলেও স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন হিসেবে দীর্ঘদিন সংবাদ পরিবেশন করে। টেলিভিশন সাংবাদিকতা সংবাদকে আরও বাস্তব, দৃশ্যমান ও প্রভাবশালী করে তোলে।

১৯৯০-এর দশকের শেষ দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল চালু হওয়ার মাধ্যমে সাংবাদিকতায় নতুন প্রতিযোগিতা ও বৈচিত্র আসে। একুশে টিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, সময়, ইন্ডিপেনডেন্ট টিভি প্রভৃতি চ্যানেল লাইভ রিপোর্টিং, টকশো ও অনুসন্ধানী সাংবাদিকতাকে জনপ্রিয় করে তোলে।

ইন্টারনেট ও স্মার্টফোনের বিস্তারের ফলে বাংলাদেশে সাংবাদিকতার সবচেয়ে বড় পরিবর্তন আসে অনলাইন ও ডিজিটাল মাধ্যমে। ২০০০ সালের পর থেকে অনলাইন নিউজ পোর্টাল জনপ্রিয়তা পেতে শুরু করে।

নফহবংি২৪.পড়স বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পথিকৃতের ভূমিকা পালন করে। পরে বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, জাগো নিউজ, সময় নিউজ অনলাইনসহ অসংখ্য ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে ওঠে।

ডিজিটাল সাংবাদিকতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাৎক্ষণিকতা, মাল্টিমিডিয়া কনটেন্ট এবং পাঠকের সঙ্গে সরাসরি যোগাযোগ। ফেসবুক, ইউটিউব ও এক্সের মতো সামাজিক মাধ্যম সাংবাদিকতাকে আরও গণমুখী করে তুলেছে। এখন একজন সাংবাদিক শুধু লেখক নন, তিনি ভিডিও নির্মাতা, ডেটা বিশ্লেষক এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজারও।

ডিজিটাল সাংবাদিকতার বিস্তারের সঙ্গে সঙ্গে ভুয়া খবর, গুজব, ক্লিকবেইট ও তথ্য যাচাইয়ের সংকট তৈরি হয়েছে। এখানে সাংবাদিকের নৈতিকতা, সোর্স যাচাই এবং দায়িত্ববোধ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
প্রযুক্তি বদলালেও সাংবাদিকতার মূল নীতি অপরিবর্তিত: সত্য, নিরপেক্ষতা, মানবিকতা ও জনস্বার্থ।

বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস মূলত সত্যের সন্ধান, প্রতিবাদ এবং মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার ইতিহাস। মুদ্রিত পত্রিকা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যন্ত এই দীর্ঘ যাত্রা আমাদের শেখায় যে মাধ্যম বদলায়, কিন্তু দায়িত্ব বদলায় না।
এই বই “ডিজিটাল সাংবাদিকতা: ফ্যাক্ট টু ফিউচার” সেই ইতিহাসের ধারাবাহিকতায় দাঁড়িয়ে ভবিষ্যতের সাংবাদিকদের জন্য একটি দিকনির্দেশনা। অতীতের অভিজ্ঞতা, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা একসূত্রে গাঁথাই এই বইয়ের মূল লক্ষ্য।

🎨 ফটো কার্ড
শেয়ার: 📘 💬 🐦
a

admin

PathikTV সাহিত্যের নিয়মিত সৃষ্টিশীল লেখক ও গবেষক।

✍️ আপনার মতামত / পাঠ প্রতিক্রিয়া জানান

Your email address will not be published. Required fields are marked *